নীলফামারীর ডিমলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনী এলাকার গত ছয় মাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং শিক্ষা, সড়ক যোগাযোগসহ এলাকার সার্বিক উন্নয়নে নেওয়া উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সততা, নিষ্ঠা ও ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরতে হবে। সাংবাদিকতার ক্ষেত্রে সব ধরনের ভেদাভেদ ভুলে দায়িত্বশীলভাবে কাজ করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসন, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষা ও সড়ক যোগাযোগসহ এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে হানাহানি, মারামারি ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না।
মতবিনিময়কালে সাংবাদিকরা ডিমলা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড ও সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরা এবং এলাকার উন্নয়নে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রকুনুজ্জামান বকুল, ডিমলা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারি নূর মোবাশ্বের হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি মো. ময়েন কবীর, কালবেলার প্রতিনিধি কামরুজ্জামান মৃধা, সিনিয়র সাংবাদিক ও ভোরের ডাকের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, ইত্তেফাকের প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, আমার সংবাদের প্রতিনিধি আবু মোতালেব হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।